তরুণ প্রজন্মের মেধাকে সম্পদে রূপান্তরের মাধ্যমে ক্রীড়া ও উদ্ভাবনভিত্তিক টেকসই ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে সোনারগাঁও ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে একটি র্যালি সোনারগাঁও ইউনিভার্সিটির প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে গ্রীনরোড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

র্যালি শেষে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল (এনডিসি, পিএসসি), কলা ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. এ.এস.এম. তারিক ইকবাল এবং আইকিউএসি’র বিভাগীয় প্রধান ও পরিচালক প্রফেসর মোঃ মোস্তফা হোসেন। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর মোঃ আল-আমিন মোল্লা।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব মেধাস্বত্ব দিবসের গুরুত্ব তুলে ধরে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়া বর্তমান বিশ্বে উদ্ভাবন ও গবেষণাই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। কিন্তু এসব উদ্ভাবনের সুরক্ষা নিশ্চিত না করা গেলে উদ্ভাবকের স্বীকৃতি ও বাণিজ্যিকীকরণের সুযোগ হারানোর আশঙ্কা থাকে। তাই একজন গবেষক বা উদ্ভাবকের চিন্তা, ধারণা ও সৃজনশীলতার আইনগত সুরক্ষা নিশ্চিত করার জন্য মেধাস্বত্ব সম্পর্কে সচেতনতা খুবই জরুরি।

