স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থান অর্জন করেছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত ‘ইউনেস্কো ওয়ার্ল্ড এডুকেশন স্ট্যাটিস্টিকস ২০২৫’-এর প্রতিবেদনে উঠে এসেছে, গত এক দশকে উচ্চশিক্ষার বিস্তারে প্রতিবেশী দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে বাংলাদেশে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশের ২৫ বছর বা তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারীর গড় হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৭০ শতাংশ। এ হার দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে মালদ্বীপ, যেখানে এ হার ৩ দশমিক ১ শতাংশ। ভারতের হার ৩ দশমিক ৫ শতাংশ, পাকিস্তানে ২ দশমিক ৬৮ শতাংশ, ভুটানে ১ দশমিক ৮০ শতাংশ এবং নেপালে ১ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে, উচ্চ সাক্ষরতার হার থাকা সত্ত্বেও শ্রীলঙ্কায় স্নাতকোত্তর ডিগ্রিধারীর হার সবচেয়ে কম, মাত্র শূন্য দশমিক ৭৭ শতাংশ।
ইউনেস্কোর তথ্যে আরও বলা হয়েছে, বাংলাদেশে উচ্চশিক্ষার এ অগ্রগতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে যেখানে স্নাতকোত্তর ডিগ্রিধারীর হার ছিল ৩ দশমিক ৩ শতাংশ, সেখানে ২০১৯ সালে তা বেড়ে সর্বোচ্চ ৪ দশমিক ৩ শতাংশে পৌঁছে। পরবর্তীতে ২০২২ সালে এ হার ছিল ৩ দশমিক ৭ শতাংশ এবং ২০২৩ সালে ৩ দশমিক ৬ শতাংশ, যা দেশের উচ্চশিক্ষা খাতে স্থিতিশীল অগ্রগতির ইঙ্গিত দেয়।
শিক্ষাবিদ ও বিশ্লেষকদের মতে, দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, বিশেষায়িত স্নাতকোত্তর কোর্স চালু এবং চাকরির বাজারে উচ্চতর ডিগ্রির বাড়তি চাহিদা বাংলাদেশের এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা মনে করছেন, ইউনেস্কোর এই স্বীকৃতি আঞ্চলিক শিক্ষা ও দক্ষ জনশক্তি উন্নয়নে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

