ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাত দলের হামলায় র্যাব-৯-এর তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মালেক, রাশেদ ও কাজল। আহত অবস্থায় তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, গত ৯ মে এক ভ্যাট কর্মকর্তাকে মারধরের ঘটনা এবং কথিত ডাকাত শফিক বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাব সদস্যরা হামলার শিকার হন।
তিনি আরও জানান, আহতদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

