তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি’ বিজয় নামে পরিচিত, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রাজ্যজুড়ে ৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়ে আলোচনায় এসেছেন। মঙ্গলবার (১২ মে) সকালে জারি করা এই নির্দেশনার মাধ্যমে নাগরিক অধিকার রক্ষা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনকল্যাণমূলক সংস্কার কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) পরিচালিত মোট ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধ করা হবে। এসব দোকানের বেশিরভাগই বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের আশপাশে অবস্থিত ছিল। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ কিংবা জনবহুল বাস স্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে মদের দোকান পরিচালনা করা যাবে না।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ুতে টাসম্যাকের অধীনে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাস স্ট্যান্ডের আশপাশে অবস্থিত।
গত রবিবার ৫১ বছর বয়সী অভিনেতা ও রাজনীতিক বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার রাজনৈতিক দল টিভিকে (তামিলনাড়ু ভেট্টি কাজাগাম) এবারের নির্বাচনে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ভেঙে ঐতিহাসিক বিজয় অর্জন করে। কংগ্রেস, বামপন্থী দল এবং মুসলিম লিগের সমর্থনে গঠিত হয়েছে রাজ্যের প্রথম জোট সরকার।
ক্ষমতায় আসার পর থেকেই সামাজিক সংস্কার ও জনকল্যাণমূলক উদ্যোগে গুরুত্ব দিচ্ছেন বিজয়। ইতোমধ্যে তিনি বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং জেলা পর্যায়ে মাদকবিরোধী বিশেষ ইউনিট তৈরির পরিকল্পনার অনুমোদন দিয়েছেন।
তবে বিপুল সংখ্যক মদের দোকান বন্ধের ফলে রাজস্ব আয়ে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এতে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর অর্থায়নে চাপ সৃষ্টি হতে পারে। এদিকে ডিএমকে সরকারের সময়কার অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণাও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

