ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত দুই শিশুর একজনের বয়স তিন মাস এবং অন্যজনের বয়স ১০ মাস। এ নিয়ে গত প্রায় দুই মাসে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
বুধবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান।
হাসপাতাল সূত্র জানায়, জামালপুরের তিন মাস বয়সী এক শিশুকে গত ১১ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে শিশুটি মারা যায়। অপরদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১০ মাস বয়সী আরেক শিশুকে গত ৫ মে ভর্তি করা হয়েছিল। সে বুধবার ভোরে মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ২১ শিশু।
চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৬৬ জন। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯৬ শিশু।
মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামের উপসর্গে আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ডে বিশেষ ব্যবস্থাপনায় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

