কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় সংসদের সদস্য ছিলেন। এছাড়া ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ১৯৬৬ সালে লাহোরের ইঞ্জিনিয়ারিং ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি গত কয়েক সপ্তাহ ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মহান মুক্তিযুদ্ধে তার অবদানও স্মরণীয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবর মাসে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৫ সালের আগস্টে অসুস্থ হয়ে পড়লে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।

