ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। নতুন এই নির্দেশনার আওতায় রাজ্যজুড়ে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (১৩ মে) রাজ্য সরকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সরকারি কর্তৃপক্ষের অনুমতি এবং সরকারি পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড়, বলদ, বাছুর ও স্ত্রী-পুরুষ মহিষসহ কোনো গবাদিপশু জবাই করা যাবে না। নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
সরকারি নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, জবাইয়ের জন্য অনুমোদন পেতে পশুর বয়স কমপক্ষে ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজনন বা কাজের অনুপযোগী হতে হবে। এছাড়া গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া পশুকেও বিশেষ বিবেচনায় জবাইয়ের অনুমতি দেওয়া হতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা অথবা স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে জবাই করা যাবে। রাস্তাঘাট, খোলা স্থান বা জনসমাগমপূর্ণ এলাকায় পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
নিয়ম বাস্তবায়নে পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা অনুমোদিত সরকারি কর্মকর্তাদের যেকোনো স্থাপনা বা এলাকা পরিদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে। এ কাজে বাধা প্রদান করাও আইন লঙ্ঘনের আওতায় পড়বে বলে জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সরকারের এই দ্রুত নীতিগত পরিবর্তন রাজ্যের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিতে পারে। বিশেষ করে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপির সরকার গঠনের পর এ ধরনের সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

