দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কারিনা কায়সারের অকাল মৃত্যু ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংস্কৃতি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি।
পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় কারিনা কায়সারের সক্রিয় অংশগ্রহণ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তার দৃঢ় অবস্থান ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, কারিনা কেবল একজন সংস্কৃতিকর্মীই ছিলেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণকারী এক সাহসী কণ্ঠস্বর ছিলেন।

তিনি আরও বলেন, কঠিন ও দমনমূলক সময়েও কারিনা গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে সাংস্কৃতিক প্রতিরোধকে আন্দোলনের শক্তিশালী অংশে পরিণত করতে ভূমিকা রেখেছেন। তার সাহস, প্রতিশ্রুতি এবং সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির এই মুখপাত্র মহান আল্লাহর কাছে কারিনা কায়সারের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা কায়সার হামিদ।
তিনি লেখেন, চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় কারিনা কায়সার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একইসঙ্গে সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেন তিনি।

