প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের দাবির প্রেক্ষিতে ‘কুমিল্লা’ নামে নতুন বিভাগ গঠন করা হবে। তিনি জানান, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে বিএনপি সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
শনিবার দুপুর দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। বিএনপি সরকার জনগণের সকল দাবি পর্যায়ক্রমিকভাবে পূরণ করবে।”
এ সময় তিনি কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও আশ্বাস দেন। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুমিল্লাবাসীর পক্ষ থেকে ‘কুমিল্লা বিভাগ’ প্রতিষ্ঠা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উত্থাপন করেন। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং দেশের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে জনগণকে পাশে থাকার আহ্বান জানান।

