জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে আন্দোলন আরও জোরদার করেছেন শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলানোর পর এবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকেও তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা জানান, ঘটনার পর ১০০ ঘণ্টার বেশি সময় পার হলেও অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা। প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতেই তারা প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। তবে জরুরি প্রয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ভবনে প্রবেশ ও বের হওয়ার সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধর্ষণচেষ্টার ঘটনার তদন্তে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানাকে। সদস্য হিসেবে রয়েছেন বিভিন্ন বিভাগের ছয়জন শিক্ষক ও একজন ডেপুটি রেজিস্ট্রার।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় বুধবার অজ্ঞাত এক যুবককে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

