প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া) এবং কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক (CoNexus AI & AdTech)-এর যৌথ উদ্যোগে শনিবার (১৬ মে) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘মেটা ট্রেনিং সেশন ২০২৬’।
অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (APUB)-এর কনফারেন্স হলে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য ছিল জনসংযোগ ও কমিউনিকেশনস পেশাজীবীদের মেটা প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ডিজিটাল কমিউনিকেশন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান।
অনুষ্ঠানে পুপরোয়ার সভাপতি আবু মিয়া আকন্দ (তুহিন), সাধারণ সম্পাদক আবু সাদাত, সহ-সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ এবং উপদেষ্টা বেলাল আহমেদসহ সংগঠনের সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
এছাড়াও নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বিইউএফটি, আইইউবিএটি, এইউএসটি, আইএসইউ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের পার্টনার ডিরেক্টর (অ্যাডটেক) এবং মেটার সাবেক ক্লায়েন্ট পার্টনার লিড তিথি চৌধুরী সেশনের প্রধান রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশে মেটার ইউজার ল্যান্ডস্কেপ, অ্যাড পেমেন্ট সলিউশন, ক্রেডিট সুবিধা, কমিউনিটি বিল্ডিং, ডিজিটাল ক্যাম্পেইন পরিকল্পনা ও ক্যাম্পেইন অপটিমাইজেশনসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি পুপরোয়ার পক্ষ থেকে তিথি চৌধুরী, মেহেদী হাসান ইমন এবং মাহফুজ আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুপরোয়ার সভাপতি আবু মিয়া আকন্দ বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যক্রমে ডিজিটাল দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পেশাগত উন্নয়নমূলক উদ্যোগ ভবিষ্যতে জনসংযোগ পেশাজীবীদের আরও দক্ষ ও যুগোপযোগী করে তুলবে। তিনি এ আয়োজন সফল করতে সহযোগিতার জন্য কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেককে ধন্যবাদ জানান।

