সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর ফলে মোট ১২টি মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল থাকলো।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, আদালতের এ আদেশের ফলে সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
এর আগে গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ পৃথক ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আদেশ দেন।
গত বছরের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা পাঁচটি মামলায় বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন। এসব মামলার মধ্যে তিনটি ছিল হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলা। পরে রাষ্ট্রপক্ষ সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে তা সাময়িকভাবে স্থগিত করা হয়।
পরবর্তীতে গত বছরের ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা উল্লেখযোগ্য। এছাড়া সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা রয়েছে। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ জামিন দেন।
পরে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। শুনানি শেষে ১০ মামলায় জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
এদিকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর গত ৩০ এপ্রিল হাইকোর্ট ওই দুই মামলায়ও আইভীকে জামিন দেন। সর্বশেষ রোববার আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিনও বহাল রাখলেন।

