ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্ত্রীও। সোমবার (১৮ মে) সকালে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) ও তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)। মজিবর খাঁ পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যান চালু করে ধান পরিষ্কারের কাজ করছিলেন মজিবর খাঁ। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি চালু না হওয়ায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। একই সঙ্গে চলন্ত ফ্যানটি তার বুকের ওপর পড়ে যায়।
স্বামীকে ছটফট করতে দেখে তাকে উদ্ধার করতে এগিয়ে যান স্ত্রী মোমেনা বেগম। তবে স্বামীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

