দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স দ্বিতীয়বারের মতো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।
রোববার আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াব সভাপতি রাফিউজ্জামান ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে ২৫টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ বিভিন্ন আধুনিক উড়োজাহাজ। সংস্থাটি দেশের অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
বর্তমানে ইউএস-বাংলার ফ্লাইট ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করছে। এসব গন্তব্যের মধ্যে রয়েছে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই ও আবুধাবি, ওমানের মাস্কাট, কাতারের দোহা, চীনের গুয়াংজু, সিঙ্গাপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুর, থাইল্যান্ডের ব্যাংকক, মালদ্বীপ এবং ভারতের কলকাতা ও চেন্নাই।
যাত্রীসেবার মান আরও উন্নত করতে খুব শিগগিরই বহরে আরও তিনটি ন্যারোবডি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। পাশাপাশি ভবিষ্যতে ঢাকা থেকে কলম্বো, মদিনা, দাম্মাম ও কুয়েত রুটে ফ্লাইট চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
দেশীয় ও আন্তর্জাতিক এভিয়েশন খাতে ধারাবাহিক সাফল্য, নিরাপদ ভ্রমণ এবং মানসম্মত সেবার স্বীকৃতি হিসেবে এ অর্জন নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

