ভূমি রেজিস্ট্রি অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সোমবার (১৮ মে) সচিবালয়ে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ভূমিমন্ত্রী বলেন, জমির মালিকানা যাতে প্রকৃত কৃষকদের হাতেই থাকে এবং ভূমি ব্যবস্থাপনায় কোনো ধরনের দখলদারিত্ব তৈরি না হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। একই সঙ্গে ভূমি অফিসে দুর্নীতি বন্ধ এবং সাধারণ মানুষের জন্য স্বচ্ছ ও নির্বিঘ্ন ভূমি সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মকর্তাদের অনুপস্থিতি ও দায়িত্বে ফাঁকিবাজি রোধে মোবাইল ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে তাদের অবস্থান পর্যবেক্ষণ করা হবে। কোনো কর্মকর্তা অফিসের বাইরে গেলে কেন্দ্রীয়ভাবে তা মনিটরিং করা হবে। পরীক্ষামূলকভাবে প্রথমে ঢাকা জেলায় এ কার্যক্রম চালু করা হবে এবং পরে তা পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ করা হবে।
এছাড়া ভূমি অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।
সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে একযোগে ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর উদ্বোধন করবেন। আগামী ২১ মে পর্যন্ত দেশব্যাপী এ মেলা চলবে।
এ সময় সংবাদ ব্রিফিংয়ে ভূমি প্রতিমন্ত্রী মীরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

