শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে হঠাৎ করেই দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম পাখি এবং সাধারণ সম্পাদক হিসেবে মুমিনুল ইসলাম মুমিনকে মনোনীত করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। তারা বর্তমান কমিটি বাতিল করে আপাতত একটি আহ্বায়ক বা এডহক কমিটি গঠনের দাবি জানান। একইসঙ্গে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনেরও দাবি তোলেন তারা।
শ্রমিকরা জানান, প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আহ্বায়ক কিংবা এডহক কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলে পুনরায় বাস চলাচল স্বাভাবিক করা হবে।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী বাস টার্মিনাল ও বিভিন্ন কাউন্টারে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনে ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে না পেরে অনেক যাত্রী বিপাকে পড়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাসস্ট্যান্ড এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি জোরদার করেছেন। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

