র্যাবের নাম পরিবর্তন কিংবা নতুন এলিট ফোর্স গঠনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নতুন নামে বা কাঠামোয় একটি এলিট বাহিনী গঠন করা হলে যুক্তরাষ্ট্র র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে।
সোমবার (১৮ মে) রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র্যাবের জন্য একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই আইনে বাহিনীর জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, “আমরা আশা করছি আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে র্যাব তার কর্মকাণ্ড পরিচালনা করবে। সরকার এখন বিবেচনা করছে, র্যাবের নাম পরিবর্তন করা হবে নাকি নতুন কোনো এলিট ফোর্স গঠন করা হবে।”
তিনি আরও বলেন, নতুন আইনের মাধ্যমে বাহিনীর কর্তৃত্ব ও দায়িত্ব নির্ধারণের পাশাপাশি স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকজন ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না। তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। র্যাবও সে সময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল।”
তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ আইনের আওতায় জবাবদিহির মধ্যে আনার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন আইন প্রণয়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে র্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের অধীনে পরিচালিত হলেও ভবিষ্যতে আলাদা আইনের মাধ্যমে এলিট ফোর্স পরিচালনার ব্যবস্থা করা হবে। সেখানে প্রয়োজনীয় লজিস্টিকস, প্রশিক্ষণ, সরঞ্জাম ও সক্ষমতা নিশ্চিত করা হবে।

