অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ‘আওয়ামী লীগ ফিরে এসেছে’ মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে ভিন্নমত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মতে, ‘আওয়ামী লীগ ফেরেনি, তারা আগেও ছিল।’
বুধবার (২০ মে) দুপুর ১২টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।’
এর আগে মঙ্গলবার ‘আওয়ামী লীগের ফেরা’ প্রসঙ্গে মাহফুজ আলম ফেসবুকে দুটি পোস্ট দেন। প্রথম পোস্টে তিনি লেখেন, ‘লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।’ একই সঙ্গে তিনি কীভাবে এই ‘ফেরা’ ঘটেছে, সেই গল্পও তুলে ধরবেন বলে ইঙ্গিত দেন।
মাহফুজ আলমের ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিলে পরে আরেকটি ব্যাখ্যামূলক পোস্ট দেন তিনি। সেখানে তিনি বলেন, বর্তমান সময়ের প্রধান দায়িত্ব হলো সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নিপীড়িত মানুষের পক্ষে থাকা। দল, মত ও ধর্ম নির্বিশেষে দেশের সব নাগরিকের মানবাধিকারের পক্ষে থাকার কথাও উল্লেখ করেন তিনি।

