সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলোকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের অবনতির ভয়াবহ প্রতিফলন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে শিশু ও নতুন প্রজন্ম ভয়মুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারবে।
তিনি আরও বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ বা সরকারের উদ্যোগের মাধ্যমে এ সংকট মোকাবিলা সম্ভব নয়। এজন্য প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, নতুন প্রজন্মকে সম্মানবোধ, মানবিকতা, দায়িত্বশীলতা এবং নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার অন্যতম প্রধান শর্ত বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে তিনি সবাইকে পরিবর্তনের এই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

