পল্লবীতে শিশু রামিশাকে নৃশংস হত্যার ঘটনা ‘আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সমাজে নৈতিক শিক্ষার অভাবের কারণেই এ ধরনের ভয়াবহ অপরাধ বাড়ছে। একইসঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগও তোলেন।
বুধবার (২০ মে) বিকেলে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। পল্লবীতে শিশু রামিশা হত্যাকাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাস এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে দলটির নেতাকর্মীরা অংশ নেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শিশু রামিশা হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় সরকারের বিরুদ্ধে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, সমাজের সর্বস্তরে নৈতিক শিক্ষা নিশ্চিত না করলে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে না।
এর আগে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা নিহত শিশু রামিশার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ঘটনাটির বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলও করেন তারা।

