সোনারগাঁও ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থী, বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার (IM) মোহাম্মদ ফাহাদ রহমান আন্তর্জাতিক দাবা অঙ্গনে এক গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার (GM) নর্ম অর্জন করেন।
সোনারগাঁও ইউনিভার্সিটি এই শিক্ষার্থী রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৯টি খেলায় ৭ পয়েন্ট সংগ্রহ করে ফাহাদ রহমান জিএম নর্মের সকল শর্ত পূরণ করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো টুর্নামেন্টে তিনি অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন, যা তার দক্ষতা ও কৌশলগত মেধার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতা থেকে তিনি প্রথম জিএম নর্ম অর্জন করেছিলেন। দীর্ঘ সময় ধরে দেশ-বিদেশে অংশগ্রহণের মাধ্যমে তিনি এই সাফল্যের জন্য নিরলস পরিশ্রম করে আসছিলেন।
উল্লেখ্য, এর আগের একটি টুর্নামেন্টে শেষ রাউন্ডে এসে অল্পের জন্য নর্ম হাতছাড়া করেছিলেন ফাহাদ রহমান। তবে এবার তিনি দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস ধরে রেখে শেষ রাউন্ডে সফলভাবে জয় নিশ্চিত করেন। বিশেষ করে অষ্টম রাউন্ডে ২৪৫৩ রেটিংধারী ইরানের শক্তিশালী আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তার সাফল্যের পথকে সুগম করে। ফাহাদ রহমানের এই অর্জনে সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবার গভীর গর্ব প্রকাশ করেছে। ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়, তার এই সাফল্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

