আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন চলাচলে কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব Fahimul Islam। তিনি বলেন, যাত্রীদের স্বস্তিদায়ক ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
শনিবার (২৩ মে) সকালে রাজধানীর Kamalapur Railway Station পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রেল সচিব জানান, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব একই মন্ত্রীর অধীনে থাকায় সমন্বয়ের কোনো ঘাটতি নেই। আশা করা হচ্ছে, এবারের ঈদযাত্রা আগের তুলনায় আরও স্বস্তিদায়ক হবে।
ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ প্রতিরোধে বিশেষ নজরদারির ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছাদে ওঠার প্রবণতা বেশি দেখা যায় উল্লেখ করে ফাহিমুল ইসলাম বলেন, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি ও ভ্রাম্যমাণ আদালত গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে দায়িত্ব পালন করবে। ম্যাজিস্ট্রেটসহ বিশেষ টিম মোতায়েন করে ছাদে যাত্রী ওঠা ঠেকাতে অভিযান পরিচালনা করা হবে।
স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ রোধে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান রেল সচিব। তিনি বলেন, টিকিট ছাড়া প্রবেশকারীরাই সাধারণত ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি করে। তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
যাত্রীচাপ সামাল দিতে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে বলে জানান তিনি। ঈদের সময় রেলপথে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়ে যায়, যা পুরোপুরি সামাল দেওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, মেট্রোপলিটন পুলিশ ও এপিবিএনের সদস্যরা যৌথভাবে কাজ করছেন। কমলাপুর স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় ছিনতাই, পকেটমার ও বিশৃঙ্খলা ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। যাত্রীরা প্রয়োজনীয় তথ্য, অভিযোগ বা সহায়তার জন্য রেলওয়ের ১৩১ হটলাইনে যোগাযোগ করতে পারবেন বলেও জানান রেল সচিব।

