বিশ্বকাপ শুরুর আর মাত্র ১৯ দিন বাকি থাকতে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। দলের প্রথম পছন্দের গোলরক্ষক Emiliano Martínez আঙুলে চোট পাওয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত বুধবার Aston Villa ইউরোপা লিগের ফাইনালে Freiburg-কে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে। সেই ম্যাচে চোট নিয়েই দলের পোস্ট সামলান মার্টিনেজ। ফাইনালের আগে অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় আঘাত পান তিনি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে মার্টিনেজের অন্তত ২০ দিন সময় লাগতে পারে। আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে এবং আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে।
অন্যদিকে, টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়া ম্যাচের আগে মার্টিনেজের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। তবে এই দুই ম্যাচে মার্টিনেজকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মার্টিনেজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টিনা কোচ Lionel Scaloni। তাই প্রস্তুতি ম্যাচগুলোতে River Plate-এর গোলরক্ষক Santiago Beltrán-কে সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

