চট্টগ্রামের মীরসরাই উপজেলায় মাত্র চার দিনের ব্যবধানে পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের বহদ্দারগ্রাম এলাকায় পানিতে ডুবে মোহাম্মদ সাজিদ (১ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার আহসানুল কবিরের সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সাজিদ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় পানিতে ডুবে খালেদ বিন মহিউদ্দিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। বুধবার একই ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় মাহিয়া আনোয়ারা আনিসা (১০)। এছাড়া গত ১৯ মে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় পানিতে ডুবে মুনতাসিন (৮) নামে আরও এক শিশুর মৃত্যু হয়।
একাধিক শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, অভিভাবকদের অসচেতনতা ও শিশুদের সাঁতার না জানার কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। তিনি শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি এবং ছোটবেলা থেকেই সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।

