ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৩৫ শিশুর মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ২৯ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১০০ শিশু।
হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া শিশুটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাড়ে তিন বছর বয়সী এক কন্যাশিশু। গত বুধবার (২০ মে) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার (২২ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে, হামের উপসর্গের পাশাপাশি সে নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে আক্রান্ত ছিল। চিকিৎসকদের মতে, এসব জটিলতাই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও পাঁচ শিশু। এ সময় কাউকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করতে হয়নি।
তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৫৬০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪২৫ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্পসংখ্যক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালটিতে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি বিশেষায়িত মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিচ্ছে।

