জামালপুরে সারা দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ এবং শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক’ ও ‘জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক’।
শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে আন্দোলনকারীরা প্রায় ১০ মিনিট দয়াময়ী মোড়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, আইনজীবী শামীম আরা, জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক বিমল জেমস কস্তা এবং মনিমেলা খেলাঘর আসরের সভাপতি সিদ্ধার্থ শংকর রায়সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

