দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও এর উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, হাম শনাক্ত হওয়া শিশুটির মৃত্যু হয়েছে বরিশালে। অন্যদিকে হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে দুইজন, সিলেটে চারজন, বরিশালে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৬ শিশু।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় নতুন করে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬২ হাজার ৫০৭ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান কার্যক্রম আরও জোরদার করা এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে।

