রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার প্রক্রিয়া আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
আজ রোববার (২৪ মে) রাজধানীতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে রামিসা হত্যা মামলার অগ্রগতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, রামিসার ঘটনায় চার্জশিট আজকেই দেওয়া হবে। বিশেষ একটি আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, আদালত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।
তিনি আরও জানান, রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যেখানে তার স্ত্রীরও সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। পরে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়।
তদন্তের অংশ হিসেবে দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত (পোস্টমর্টেম) রিপোর্ট সংগ্রহ করে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। মামলাটির জন্য একজন স্পেশাল পিপি (বিশেষ পাবলিক প্রসিকিউটর) নিয়োগ করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

