সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। শুক্রবার (৩০ মে) সকাল ৮টা থেকে আজ শনিবার (৩০ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটের দুটি হাসপাতালে এই দুই শিশুর মৃত্যু হয়। সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ছয় মাস বয়সী আরিফা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে ওসমানীনগর উপজেলার বাসিন্দা নাজমুল হকের মেয়ে। অন্য শিশু আবদুল্লাহ আল মাহিন (৮ মাস) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়। সে জকিগঞ্জ উপজেলার বাসিন্দা মাসুম আহমদের ছেলে।
সিলেট স্বাস্থ্য বিভাগীয় পরিচালক কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৩৭ জন। প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব-পরীক্ষায় নিশ্চিত হওয়া ১৬৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া ৬০ জনের মধ্যে চারজন শিশুর ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গিয়েছিল।

