খুলনার ডুমুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে পড়ে গেলে একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আছাবুর রহমান (২৫)। তিনি পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আশাবুর রহমান সরদারের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটি গুটুদিয়া গ্রামের শওকাত শেখের বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের পাশের পানিভর্তি খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন— ইসমাইল হোসেন (৩২), ইমদাদুল হক (৪৭), আব্দুস সালাম (৬০), কবিতার মন্ডল (৫৭), নৃতোষ মন্ডল (৩৫) এবং রাবেয়া খাতুন (৪৭)। আহতদের মধ্যে আরও প্রায় ২০ জন প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন বলে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ জানিয়েছে।
খুলনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবুনবক্কর জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন। একই সঙ্গে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আহতদের চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
খর্নিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং খাদ থেকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

