সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও তিনজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে সৌদি আরবে মোট ৪৪ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রকাশিত দৈনিক বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ৫২টি ফিরতি ফ্লাইটে মোট ২১ হাজার ৩৪৩ জন হাজি বাংলাদেশে ফিরে এসেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৮৪৩ জন হজযাত্রী রয়েছেন।
বুলেটিনে জানানো হয়, মৃত্যুবরণকারী ৪৪ জন হাজির মধ্যে ২৯ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
ফিরতি হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫টি, সৌদি এয়ারলাইনস ১৮টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ২৪৯ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। বর্তমানে ৩২ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। অপরদিকে, ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

