আগামী ১১ জুন পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের। এবারই প্রথম ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাযজ্ঞ, যার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি গ্রুপের সম্ভাবনা বিশ্লেষণ করে পূর্বাভাস প্রকাশ করেছে অপ্টা সুপারকম্পিউটার। তাদের মূল্যায়নে, ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনই এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার। পাশাপাশি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবং ইউরো ফাইনালের দল ইংল্যান্ডকেও শিরোপার অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়েছে।
অপ্টার পূর্বাভাস অনুযায়ী, গ্রুপ ‘এ’ থেকে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেবে। এই গ্রুপে আরও রয়েছে দক্ষিণ আফ্রিকা ও চেকিয়া। গ্রুপ ‘বি’-তে স্বাগতিক কানাডাকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দেখছে অপ্টা। তাদের প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড।
গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের সঙ্গে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অপ্টার মতে, ব্রাজিল গ্রুপসেরা হবে এবং মরক্কো দ্বিতীয় স্থান অর্জন করবে। অন্যদিকে গ্রুপ ‘ডি’-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। এই গ্রুপে যুক্তরাষ্ট্র শীর্ষস্থান অর্জন করলেও তুরস্কের নকআউটে ওঠার সম্ভাবনা কম বলে মনে করছে অপ্টা।
গ্রুপ ‘ই’-তে চমক দেখাতে পারে কুরাসাও। জার্মানির সঙ্গে তারাও নকআউট পর্বে জায়গা করে নেবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস ও জাপানের পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে ইংল্যান্ড খেলবে গ্রুপ ‘এল’-এ, যেখানে তাদের সঙ্গে রয়েছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। বিশ্বকাপ শুরুর আগে অপ্টার এই বিশ্লেষণ ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।

