লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ দুটি আনা হয়।
নিহতরা হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম (৪০) ও নাহিদুল ইসলাম নাহিদ (২২)। গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন।
বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি দেশে পাঠানো হয়। বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
তিনি জানান, মরদেহ পরিবহনের সম্পূর্ণ ব্যয় সরকার বহন করেছে। এছাড়া নিহত দুই প্রবাসীর পরিবারকে মোট ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলো কাজ করে যাচ্ছে।
পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ অ্যাম্বুলেন্সে মরদেহ দুটি তাদের নিজ জেলা সাতক্ষীরায় পাঠানো হয়।

