শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং মামলার ডেথ রেফারেন্সের সিরিয়াল আইনানুগভাবে এগিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হবে।
রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের বিচারিক ইতিহাস এবং পুলিশের গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে এ ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। রামিসা হত্যাকাণ্ডের তদন্ত ছাড়াও গোয়ালন্দ ঘাটে দায়িত্ব পালনে আন্তরিকতা এবং গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় পেশাদারিত্বের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি যেমন দেওয়া হবে, তেমনি দায়িত্বে অবহেলা করলে তিরস্কারও করা হবে। পুলিশ বাহিনীর সাম্প্রতিক অর্জন প্রশংসার দাবিদার বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে একই দিন রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

