স্পেনের তরুণ ফুটবল সেনসেশন লামিন ইয়ামাল বিশ্বকাপকে সামনে রেখে ভক্তদের জন্য দিয়েছেন এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি। তিনি জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপ শিরোপা জিততে সক্ষম হয়, তাহলে টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতে ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ১৮ বছর বয়সী এই তারকা বলেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলে তিনি প্রতিশ্রুতিটি বাস্তবায়ন করবেন। বার্সেলোনার এই উইঙ্গারের জন্য আসন্ন বিশ্বকাপই হতে যাচ্ছে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ আসর।
বড় টুর্নামেন্টে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে ইয়ামাল স্মরণ করেন ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের স্মৃতি। তার মতে, যেকোনো বড় টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাপ ও স্নায়ুচাপ অনুভব করা স্বাভাবিক। তবে শুরুটা প্রত্যাশামতো না হলেও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় এবং নিজের খেলায় মনোযোগ ধরে রাখতে হয়, কারণ একটি বড় আসর দীর্ঘ সময়ের লড়াই।
ব্যালন ডি’অর প্রসঙ্গেও নিজের অনুভূতির কথা জানান ইয়ামাল। তিনি বলেন, একসময় মনে হয়েছিল মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি তার হাতেও উঠতে পারে। তবে পরে তিনি উপলব্ধি করেন, তখনো তিনি যথেষ্ট পরিণত ছিলেন না এবং পুরস্কারটির গুরুত্ব পুরোপুরি অনুধাবন করতে পারেননি। তাই উসমান দেম্বেলের সাফল্যকে তিনি ইতিবাচকভাবেই দেখেন।
দেম্বেলের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে ইয়ামাল জানান, ফরাসি এই তারকা নিয়মিত তাকে পরামর্শ দিয়েছেন এবং কঠিন সময়গুলোতে মানসিক সমর্থন জুগিয়েছেন। ব্যক্তিগত ও পেশাদার উন্নয়নে দেম্বেলের অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার পেরুর বিপক্ষে মাঠে নামবে স্পেন। এরপর মূল পর্বে গ্রুপ ‘এইচ’-এ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের মুখোমুখি হবে দলটি।

