বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে বড় ধরনের স্বস্তির খবর পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পায়ের পেশির চোট থেকে দ্রুত সেরে উঠছেন দলের অন্যতম তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সোমবার রাতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, তার চোটের স্থানে ইতিবাচক উন্নতি পরিলক্ষিত হয়েছে।
গত ২৮ মে করা স্ক্যান রিপোর্টে নেইমারের পায়ে গ্রেড-টু পেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। সে সময় ধারণা করা হয়েছিল, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। তবে সর্বশেষ স্ক্যান রিপোর্টে আশাব্যঞ্জক অগ্রগতি দেখা গেছে।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিবিএফ জানায়, নতুন স্ক্যান রিপোর্টে নেইমারের চিকিৎসার ইতিবাচক অগ্রগতি প্রতিফলিত হয়েছে এবং এটি মেডিকেল টিমের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরিকল্পনা অনুযায়ী তিনি পুনর্বাসন ও শারীরিক সক্ষমতা ফিরে পাওয়ার কার্যক্রম চালিয়ে যাবেন।
ইতিবাচক রিপোর্টের ফলে দ্রুত অনুশীলনে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে নেইমারের। পাশাপাশি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে স্কোয়াডেও তাকে দেখা যেতে পারে। চোটের কারণে তিনি ব্রাজিলের সর্বশেষ দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। তবে তাকে ছাড়াই পানামাকে ৬-২ এবং মিশরকে ২-১ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা।
ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের পর এবার চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। আগের তিনটি বিশ্বকাপে ১৩ ম্যাচে ৮ গোল করেছেন এই তারকা ফুটবলার।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

