২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে আরও একটি অনন্য কীর্তি নিজের নামের পাশে যোগ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোল করে আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক।
যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। হ্যামস্ট্রিংয়ের সামান্য সমস্যার কারণে শুরুতে বেঞ্চে থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচে প্রভাব বিস্তার করেন মেসি।
৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পর মাত্র দুই মিনিটের মধ্যেই তার তৈরি করা আক্রমণে পেনাল্টি আদায় করে আর্জেন্টিনা। ৭১তম মিনিটে স্পটকিক থেকে গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের গোলসংখ্যা ১১৭-তে উন্নীত করেন তিনি।
৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে মেসি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়েন। এতদিন এই রেকর্ড ছিল কিংবদন্তি ফরোয়ার্ড আনহেল আমাদেও লাব্রুনার দখলে। ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সে গোল করেছিলেন তিনি।
প্রায় সাত দশক ধরে অক্ষত থাকা সেই রেকর্ড ভেঙে আর্জেন্টিনার হয়ে নিজের ১৯৯তম ম্যাচে নতুন ইতিহাস গড়লেন মেসি। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবেও নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি। তার ১১৭ গোলের তুলনায় দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোলসংখ্যা ৫৫।
ম্যাচের অষ্টম মিনিটে ভালেনতিন বার্কো আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর মেসির পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৮৫তম মিনিটে রদ্রিগো দে পলের সঙ্গে দারুণ সমন্বয়ে আক্রমণ গড়ে তরুণ মিডফিল্ডার থিয়াগো আলমাদার গোলে ৩-০ ব্যবধান নিশ্চিত করে আর্জেন্টিনা।
জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসির দখলে। বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামলেই আকাশি-সাদা জার্সিতে ২০০ ম্যাচ খেলার বিরল মাইলফলকে পৌঁছে যাবেন তিনি।
আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে মেসির নতুন রেকর্ড দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে

