চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে শনিবার (১৩ জুন) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এছাড়া এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেবেন। এ লক্ষ্যে মাঠপর্যায়ে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সমাবেশকে ঘিরে লালদীঘি ময়দানে বড় আকারের মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার সমাবেশস্থল পরিদর্শন করেন ১১ দলের নেতারা। এ সময় তারা মঞ্চ নির্মাণ, অংশগ্রহণকারীদের অবস্থান এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন বলেন, বিভাগীয় সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাবেশ আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, এই বিভাগীয় সমাবেশ কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিকে জোরালোভাবে তুলে ধরার একটি গণমঞ্চ। তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে।

