ভারত থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ বা জোরপূর্বক অনুপ্রবেশ বন্ধে দিল্লিকে ইতোমধ্যে ১৩টি কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (১২ জুন) ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভারত থেকে যেসব পুশ ইন করার চেষ্টা হচ্ছে, সেগুলো প্রতিহত করা হচ্ছে। তিনি জানান, এ ধরনের কার্যক্রম বন্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লির কাছে ধারাবাহিকভাবে ১৩টি চিঠি পাঠানো হয়েছে।
শামা ওবায়েদ বলেন, অবৈধভাবে অবস্থানরত নাগরিকদের ফেরত পাঠানোর জন্য দুই দেশের মধ্যে একটি নির্দিষ্ট নীতিমালা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে। কোনো বাংলাদেশি ভারতে অবৈধভাবে অবস্থান করলে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে বৈধ উপায়ে তাদের দেশে ফেরত পাঠানো উচিত। একইভাবে বাংলাদেশে অবস্থানরত কোনো অবৈধ ভারতীয় নাগরিককে বাংলাদেশও প্রচলিত নিয়ম মেনে ফেরত পাঠাবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, রাতের অন্ধকারে পুশ ইন বা অনুরূপ কার্যক্রম থেকে ভারত সরকার বিরত থাকবে এবং বিদ্যমান কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির সমাধান হবে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও বর্তমানে তথ্যপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বিভিন্ন মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনক।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি, রাজনৈতিক দল বা ভিন্নমতের মানুষের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ প্রকাশে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান।

