সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে এবং হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫৬০ জন।
রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫২ জন। আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৩২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৬ হাজার ৮৪১ জন।

