নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন মাদক কারবারিকে আটকের চেষ্টাকালে পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পুলিশের একটি সরকারি ওয়াকিটকি, তিনটি মোবাইল ফোন, একটি ব্যাগ ও একটি কটি (জ্যাকেট) ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সরঞ্জামের বেশির ভাগ উদ্ধার এবং দুই নারী সহযোগীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুনুর রশিদের নেতৃত্বে একটি দল বালিয়াপাড়া বাজার এলাকায় টহল দেওয়ার সময় দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামানোর চেষ্টা করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে।
পুলিশের দাবি, সন্দেহভাজনদের আটকের সময় স্থানীয় চিহ্নিত মাদক কারবারি আমির হোসেন ওরফে সামা, সাহাদত এবং তাদের অনুসারীরা দলবল নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং সরকারি কাজে বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা জোরপূর্বক পুলিশের কাছ থেকে একটি সরকারি ওয়াকিটকি, তিনটি মোবাইল ফোন, একটি ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম এবং একটি কটি ছিনিয়ে নেয়। হামলার মুখে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাশের একটি খেলার মাঠে আশ্রয় নেন। সেখানে স্থানীয় খেলোয়াড়দের সহযোগিতায় তারা নিরাপত্তা পেলে হামলাকারীরা সরে যায়।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় চিরুনি অভিযান চালায়। অভিযানে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, একটি মোবাইল ফোন এবং পুলিশের কটি উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কারবারিদের সহায়তার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

