সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ব্যাপক উদ্দীপনা ও গুরুত্বের সাথে উদযাপিত হয়েছে ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’। ‘প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর ও আমাদের ভবিষ্যতের জন্য’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামবাংলা উন্নয়ন কমিটি, ‘ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক’ এবং সিটিজেনস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট-এর যৌথ সহযোগিতায় আয়োজন করা হয় এই আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির সহ-সভাপতি জনাব ইমতিয়াজ রাসূল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ও পরিবেশ কেন্দ্রের পরিচালক ড. মো. আব্দুল মালেক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের। এ সময় ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় ছিল প্লাস্টিক দূষণ ও এর ভয়াবহতা। এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ, ড. মো. আব্দুল মালেক এবং অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ‘দ্য প্লাস্টিক ডিটক্স, ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলের মাঝে পরিবেশ সংরক্ষণের তাগিদ ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এনভায়রনমেন্ট অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়। গ্রামবাংলা উন্নয়ন কমিটির সহ-সভাপতি জনাব ইমতিয়াজ রাসূলের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়। প্লাস্টিক দূষণমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঞ্চার করেছে। অনুষ্ঠানে পরিবেশ রক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়, যেখানে সরকারের উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

