সিলেট নগরীতে পুলিশের উপস্থিতির মধ্যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরীর নবাব রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদকে নেতৃত্ব দিতে দেখা যায়।
বিক্ষোভকারীরা তাদের ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং তাদের ভাষ্য অনুযায়ী ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা নবাব রোড এলাকায় স্বল্প সময় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি অবস্থান করছিল। মিছিলটি ওই গাড়ির পাশ দিয়ে অগ্রসর হলেও তাৎক্ষণিকভাবে পুলিশি বাধা দেখা যায়নি।
তবে মিছিল শেষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে। ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, পুলিশ তালতলা এলাকায় কোনো মিছিলের তথ্য পায়নি। তবে নবাব রোড এলাকায় একটি ছোট মিছিলের ঘটনা ঘটেছে এবং সেখান থেকে চারজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল এবং তাদের কার্যক্রমের প্রকৃতি কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

