আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষাসংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে কন্ট্রোল রুম চালুর পাশাপাশি ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের নিয়ম এবং পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময়সূচি সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ-সংক্রান্ত তিনটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বোর্ড জানিয়েছে, পরীক্ষাকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো সমস্যা, তথ্য বা জরুরি প্রয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে যোগাযোগ করতে পারবেন।
কন্ট্রোল রুমের ফোন নম্বরগুলো হলো—
০২-২২৩৩৬৯৮১৫
০১৫৫০-৪১১২০৩
০১৭১৪-৯৯৪০৭৩
০১৭৫৬-১০৩১৫২
এ ছাড়া controller@dhakaeducationboard.gov.bd ই-মেইল ঠিকানায়ও যোগাযোগ করা যাবে।
ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে বোর্ড জানিয়েছে, সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্ধারিত আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। একই সঙ্গে পরীক্ষার্থীরা নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করতে পারবেন।
অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো— FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991ES, FX-991EX, FX-991ES Plus এবং FX-991CW।
পরীক্ষার দিন যানজট ও জনদুর্ভোগ কমাতে সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশসংক্রান্ত পূর্ববর্তী সব নির্দেশনা বহাল থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা বোর্ড ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।

