যশোরের অভয়নগর উপজেলায় রিয়াজ হোসেন (২৯) নামে একাধিক মামলার এক আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ হোসেন ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অন্তত ছয়টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পরিচিত ছিলেন। মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মোহাম্মদ সবুজ জানান, রাত ২টার দিকে রিয়াজকে হাসপাতালে আনা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতচিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (১৭ জুন) সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত রিয়াজ একাধিক মামলার আসামি ছিলেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

