দেশের অন্যতম স্বনামধন্য এনজিও গ্রামবাংলা উন্নয়ন কমিটি কর্তৃক “এনভাইরনম্যান্ট এ্যাকশন এওয়াড-২০২৬”-এ ভূষিত হয়েছেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম। সোনারগাঁও ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে টেকসই সমাধান অর্জনের উদ্দেশ্যে পরিবেশ শিক্ষা উন্নয়ন ও প্রসারে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়। গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক জনাব এ কে এম মাকসুদ ও সহ-সভাপতি জনাব ইমতিয়াজ রসূল, ড. মোহাম্মদ একরামুল ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ও পরিবেশ কেন্দ্রের পরিচালক ড. মো. আব্দুল মালেক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ ও ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম ।
ড. মোহাম্মদ একরামুল ইসলাম ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নয়ারহাটের চাকল গ্রামে ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে কেরালা রাজ্যের কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি থেকে ফলিত গনিতে পিএচডি ডিগ্রী অর্জন করেন। তিনি গনিতের লোক হলেও পরিবেশ বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে ১৯৯৮ সালে গঠন করেন “The GARDEN” নামের সংগঠন। পরবর্তীতে নর্দান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় ২০০৫ সালে প্রতিষ্ঠা করেন ‘নর্দান ইউনিভার্সিটি এনভাইরমেন্টাল’ ক্লাব।
ড. মোহাম্মদ একরামুল ইসলাম বেশ সুনামের সাথে নানাবিধ কর্মসূচির মাধ্যমে ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষার গুরুত্ব প্রচার করছেন। তিনি পরিবেশ নিয়ে ব্যাপক লেখালেখি করে যাচ্ছেন। দেশী-বিদেশী নানা পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তাঁর সম্পাদিত বেশ কয়েকটি গ্রন্থ এ পর্যন্ত পাঠক মহলে জনপ্রিয়তা অর্জন করেছে, সেগুলোর মধ্যে পরিবেশ ও আমাদের ভবিষ্যত (২০০৮), পরিবেশ ও আমাদের অস্তিত্ব (২০০৯), পরিবেশ ও আমাদের জীব বৈচিত্র্য (২০১০), পরিবেশ ও আমাদের ভেজাভূমি (২০১১), পরিবেশ ও আমাদের নদ-নদী (২০১২), পরিবেশ ও আমাদের বনভূমি (২০১২), পরিবেশ ভাবনা ও আজকের পৃথিবী (২০১৭), এনভাইরমেন্টাল থটস, প্রথম খন্ড (২০১৯) ও এনভাইরমেন্টাল থটস, দ্বিতীয় খন্ড (২০২২), ইট’স অল অ্যাবাউট সাস্টেইন-এবিলিটি (২০২৬) ইত্যাদি উল্লেখযোগ্য।
ইতঃপূর্বে অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম ন্যাচার স্টাডী সোসাইটি অফ বাংলাদেশ (এনএসএসবি) কর্তৃক প্রদত্ত অনারারী রিকগনিশন পুরস্কার-২০২৫ ও সুন্দরবন পর্যটন ক্লাব পুরস্কার (২০২৬) এ ভূষিত হয়েছেন।

