ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আরাফাত ভাঙ্গা উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা এবং সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ভাঙ্গা থানা ভাঙচুর, বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবলীগের একটি ঝটিকা মিছিল বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করে।
ওসি মিজানুর রহমান জানান, আরাফাতকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছিল। যদিও আনুষ্ঠানিক কাগজপত্র এখনও হাতে পৌঁছেনি, তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

