ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্লা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল মোল্লা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্লার ছেলে। তিনি পেশায় একজন নসিমনচালক ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেন্নাতলা বাজারে আগুন লাগার পর স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন বাবুল মোল্লা। এ সময় একটি দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বাবুল মোল্লা, আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ কয়েকজন গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নুর মিয়ার মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

