চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয়দের ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে।
শনিবার (২০ জুন) ভোরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের ১৭৭/২এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সকালে বিএসএফ ৪ শিশু, ১১ নারী ও ৫ পুরুষসহ মোট ২০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন।
চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলী জানান, প্রথম দফায় পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সকাল ৯টার দিকে ২০ থেকে ২৫ জন বিএসএফ সদস্য আবারও ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। এতে দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে স্থানীয় জনগণের প্রতিরোধ ও ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যায়।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। ঘটনাস্থলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা যাচ্ছেন এবং বিষয়টি বিস্তারিত যাচাই করা হচ্ছে।

