কাতারের আল শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রবাসী শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার পথে আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয় আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

